
চলতি বছরের এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০.৬৪ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৪.২৯ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার মাত্র ৪৮.৭৪ শতাংশ।
মানবিক বিভাগে মোট ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন পাস করেছে। অন্যদিকে বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ১৯ হাজার ৬৯৬ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন পাস করেছে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে মানবিক বিভাগে সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে ৫৫.৬২ শতাংশ এবং সর্বনিম্ন দিনাজপুর বোর্ডে ৩৮.৭৫ শতাংশ।
বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার যশোর বোর্ডে ৮৬.৯০ শতাংশ। এ বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে ৮৫.৯০ শতাংশ।
সামগ্রিকভাবে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন পাস করেছে। বিভাগভিত্তিক ফলাফলে মানবিক বিভাগের তুলনায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাফল্যের হার উল্লেখযোগ্যভাবে বেশি বলে দেখা গেছে।